75 জন পড়েছেন
বগুড়া প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও নগর পরিচ্ছন্নতার অংশ হিসেবে বগুড়ায় রেলের দখলকৃত একটি জলাশয় উদ্ধার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরের কামারগাড়ী এলাকায় বগুড়া সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।
অভিযানকালে জলাশয়ে জমে থাকা ময়লা পানি, আবর্জনা ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী অপসারণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন জমে থাকা ময়লা পানি ও আবর্জনা ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। এ কারণে জলাশয়টি পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ডিডিএলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।
অভিযানে জলাশয় ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, নগরের বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত করে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।