165 জন পড়েছেন
"অপরাধ দমনে পুলিশ-সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান ডিআইজি মীর আশরাফ আলীর"
মাজেদুর রহমান:
অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি বলেছেন, সমাজের অপরাধ, অনিয়ম ও অসংগতি প্রতিরোধে পুলিশ ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিশোর গ্যাং প্রসঙ্গে ডিআইজি বলেন, কিশোর গ্যাং সৃষ্টির দায় শুধু পুলিশের ওপর চাপিয়ে দিলে হবে না। পরিবার থেকেই সন্তানদের নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, বিভিন্ন কারণে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে। কেউ জীবিকার তাগিদে, আবার কেউ মাদকাসক্তির কারণে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়। বগুড়া জেলার প্রায় ৪৫ লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাত্র ২ হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল নিয়ে এত বিপুলসংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং পুলিশের প্রতি সহযোগিতা অপরিহার্য।
সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মীর আশরাফ আলী বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং তথ্য আদান-প্রদানের পরিবেশ আরও সুদৃঢ় করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা যেমন সমাজের অসংগতি ও অপরাধ তুলে ধরে, তেমনি পুলিশি কার্যক্রমও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই পক্ষ সমন্বিতভাবে কাজ করলে অপরাধ প্রতিরোধ ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, সিআইডি পুলিশ সুপার মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, টিআই অ্যাডমিন খালেকুজ্জামান খান, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন,
বিএফইউজে নেতা মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস(আজকের পত্রিকা), সাধারণ সম্পাদক আবু সাঈদ (৭১টিভি), সবুর শাহ লোটাস(আমার দেশ), বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ (ডিবিসি), সঞ্জু রায় (দেশ টিভি), মাজেদুর রহমান (ব্যুরো চিফ, আলোকিত প্রতিদিন), ববিন রহমান (দীপ্ত টিভি), প্রতীক হোসেন (স্টার টিভি), মোস্তফা মোঘল (প্রত্যাশা প্রতিদিন) সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, তথ্য আদান-প্রদানে সহযোগিতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।