462 জন পড়েছেন
বগুড়া প্রতিনিধি: বগুড়ার সাবেক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে পুনরায় বদলি হয়ে আসার খবরে বগুড়ার আদালতপাড়ায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করার কথা রয়েছে। তিনি যোগূান করলে তাঁর আদালত বর্জন, মানববন্ধন ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বগুড়া জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গওহর আলী ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় আইনজীবী সমিতির নেতারা বলেন, মো. মনিরুজ্জামান এর আগে বগুড়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে আইনজীবী সমিতি আদালত বর্জনের কর্মসূচি দিয়েছিল। সম্প্রতি তাঁকে আবার বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করার খবর ছড়িয়ে পড়লে আইনজীবীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
আইনজীবী নেতারা জানান, বুধবার তাঁর বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের কথা রয়েছে। তিনি যোগদান করলে তাঁর আদালত বর্জনের পাশাপাশি বদলির প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আইনজীবীদের সঙ্গে বিচার বিভাগের সুসম্পর্ক বজায় রাখা এবং বিচারপ্রার্থীদের স্বার্থে আদালতের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি বিবেচনার দাবি জানান।
এদিকে আইনজীবী সমিতির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বগুড়া আদালত এলাকায় আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সমিতির নেতাদের দাবি, সাধারণ আইনজীবীদের একটি বড় অংশও তাঁদের ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
তবে মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে আইনজীবীদের উত্থাপিত অভিযোগ এবং তাঁর বদলির বিষয়ে তাঁর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বগুড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শেখ রেজাউর রহমান মিন্টুর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী বগুড়া বাড়ির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. মোঃ আব্দুল বাসেদ পিপি, অ্যাড. মোঃ শফিকুল ইসলাম টুকু জিপি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও স্পেশাল পিপি অ্যাড. আলী আজগার, স্পেশাল পিপি অ্যাড. মোজাম্মেল হক, বারের সাবেক সভাপতি অ্যাড. আতাউর রহমান খান মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সাইফুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. মুনতাসির মাহবুব রাকিব খান প্রমূখ।